মালদা: গঙ্গায় তলিয়ে গেল দুই নাবালিকা। একজনের দেহ উদ্ধার, নিখোঁজ অন্যজনের খোঁজে চলছে তল্লাশি। মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের বীরনগর রাধানাথ টোলা গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নাবালিকাদের পরিবার সূত্রে জানা গেছে, ছোটন ঘোষের দুই মেয়ে ঈশা ঘোষ (৭) ও নন্দিনী ঘোষ (১১) মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ মায়ের সঙ্গে বীরনগর সরকার টোলা গঙ্গা ঘাটে স্নান করতে যায়। স্নান সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও কিছুক্ষণ পর আবার দুই বোন নদীর দিকে ফিরে যায়। স্থানীয় সূত্রে খবর, এরপরেই গভীর জলে নেমে তারা দুজনে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এর পাশাপাশি বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের উদ্ধারকারী দল এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধারকারীরা জলে নেমে তল্লাশি চালিয়ে ছোট মেয়ে ঈশা ঘোষকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর নাবালিকা নন্দিনী ঘোষের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ছে নাবালিকাদের পরিবার।

No comments:
Post a Comment