Saturday, July 12, 2025

ফুলকপির আড়ালে মদ পাচার! গ্রেফতার ভিন্ন রাজ্যের যুবক


শিলিগুড়ি: ফুলকপির বস্তার আড়ালে মদ পাচারের ছক, ভেস্তে দিল পুলিশ। উদ্ধার একাধিক মদের বোতল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করে শিলিগুড়ির আবগারি দফতর। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লাখ ৭৫ হাজার টাকা। এই ঘটনায় রোশন কুমার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বয়স ২৩ বছর, সে বিহারের বাসিন্দা।


সূত্রের খবর, শনিবার সকালে আবগারি দফতরের ওসি দীপক টিগ্গা গোপন সূত্রে খবর পান, একটি পিকআপ ভ্যানে ফুলকপির বস্তার আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর এলাকায় সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটকানো হয়।



জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি পাওয়া গেলে গাড়িতে তল্লাশি চালানো হয়। ফুলকপির বস্তাগুলো সরিয়ে দেখা যায়, নিচে ১৫০টি কার্টুনে সাজানো রয়েছে মদের বোতল। সঙ্গে সঙ্গে চালককে গ্রেফতার করে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়।


আবগারি দফতর সূত্রে খবর, এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খুঁজে বের করতে তল্লাশি চলছে। এর পাশাপাশি ধৃত রোশন কুমারকে শনিবারই শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

Wednesday, July 9, 2025

বনধ ঘিরে উত্তেজনা, সিপিএম-তৃণমূল বচসা


মালদা: বনধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। গাড়ি চলা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা। তুলকালাম পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুরে। 


দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বুধবার চলছে ভারত বনধ। মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে এই বনধ ডাকা হয়েছে বামেদের তরফে। এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বনধ সফল করতে ময়দানে নামে সিপিএম নেতৃত্ব। অন্যদিকে বনধ ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাসের নেতৃত্বে ময়দানে নামে তৃণমূল। চলতে থাকে দুই পক্ষের মধ্যে স্লোগান। 


এই সময় শহীদ মোড় এলাকাতে সিপিএম নেতা-কর্মীরা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন। সেই সময় তৃণমূল নেতা-কর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। চলতে থাকে তুমুল বাকবিতণ্ডা। মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। 


পরবর্তীতে হরিশচন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন লেখার সময়ে বনধের তেমন প্রভাব নেই এলাকায়। যান চলাচল মোটামুটি স্বাভাবিক। দোকানপাট খোলা রয়েছে। যদিও দুই পক্ষ এখনও ময়দানে রয়েছে। পরবর্তীতে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।


অন্যদিকে মালদায় কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় সিপিআইএম ও কংগ্রেস যৌথ উদ্যোগে ধর্মঘট পালন করতে পথে নেমেছে সিপিআইএম ও কংগ্রেস। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির ও রাজ্য সরকারের দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদে বুধবার সকাল থেকেই চলছে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় মালদার বেশ কিছু জায়গায়।


এদিন সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নেমে মিছিল করেন বাম সমর্থনকারী সিটু, আইএনটিইউসি-সহ কংগ্রেস নেতা কর্মীরা।